
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। এই দুজন উপদেষ্টা পদত্যাগ করলে তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ফাঁকা হবে।
গুরুত্বপূর্ণ এই তিনটি মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে নাকি পুরোনোদের মধ্যেই দায়িত্ব বণ্টন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে। সরকারের শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। সরকারের ভেতরে এই আলোচনাই চলছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এ মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে আসা খবরের কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান তিনি। কারণ, অনিয়মের দায়ভার তাঁর ওপরও যেতে পারে। তবে সরকারের চিন্তা হচ্ছে, শেষ সময় এসে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না। পুরোনোদের মধ্য থেকে দেওয়া হবে। সেই চিন্তা থেকে শেষ পর্যন্ত আদিলুর রহমানকে রাজি করানো হয়।
মন্তব্য করুন