চলতি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক অভিবাসীবিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার নতুন ভিসা স্কিম চালু করেছেন তিনি। যেটিকে গ্রিনকার্ডের চেয়েও শক্তিশালী আখ্যা দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, ‘এটি গ্রিন কার্ডের থেকেও শক্তিশালী একটি ব্যবস্থা। এতে ভালো এবং যোগ্য মানুষই অংশ নিতে পারবেন।
এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের ১০ লাখ ডলার খরচ করতে হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় গুনতে হবে ১২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার বেশি।যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য গতকাল মঙ্গলবার এই ভিসা চালু করেন ট্রাম্প। প্রথমে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে ট্রাম্পকার্ড ডট গভ নামে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে।
সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে চাপ দিলে আসবে আবেদনের ফরম। সেই ফরম পূরণ করে জমা দেওয়ার সময় ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ২১ হাজার ৯৬৪ টাকা)। ভিসা প্রসেসিং বাবদ এই ফি নেবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)।
এই ভিসা পেতে আবেদনকারীদের আবেদনপত্র যাচাই করা হবে, সেই পরীক্ষায় পাস করতে হবে।
তারপর ভিসার জন্য ১ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে, যাকে কর্তৃপক্ষ ‘উপহার’ বলছে। ভিসাটি গ্রিন কার্ডের মতো কাজ করবে, অর্থাৎ এতে যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার সুযোগ মিলবে।ট্রাম্প বলেছেন, ‘এটি গ্রিন কার্ডের থেকেও শক্তিশালী একটি ব্যবস্থা। এতে ভালো এবং যোগ্য মানুষই অংশ নিতে পারবেন।
বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাথমিক নিবন্ধনেই প্রায় ১০ হাজার মানুষ এই ‘গোল্ড কার্ড’ ভিসার জন্য নাম লিখিয়েছেন। তার আশা, আরো অনেকেই যোগ দেবেন।তিনি বলেন, ‘আমরা হাজার হাজার কার্ড দেব আর এতে বিলিয়ন ডলার আয় হবে।’