
‘সচিবালয়ে ভাতা’র দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।
গত ১০ ও ১১ ডিসেম্বর সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কয়েকশ কর্মচারী তাদের বিশেষ ভাতার দাবিতে আন্দোলন করে। ১০ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে তার দপ্তরের অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় দপ্তর ত্যাগ করেন উপদেষ্টা।
দাবি পূরণে সরকার আশ্বাস দেওয়ার পরের দিনও আন্দোলন অব্যাহত রাখেন কর্মচারীরা। এরপর কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্বিতীয় দিনও তাদের আন্দোলন চলমান রাখার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সচিবালয়ের ভেতর থেকেই কয়েকজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের সামরিক বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে।
গত সোমবার (১৫ ডিসেম্বর) কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সচিবালয়ে কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ ভাতার দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৪ জনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী বাদিউল কবীর, কামাল হোসেন, মো. আলিমুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
বাদিউল কবীর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি।
আজ বুধবার দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৪ কর্মচারীর বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর তাদেরকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছি। অন্যান্য মন্ত্রণালয়ের যারা আছেন তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।’
বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে অন্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল।
এছাড়া তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব ও মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মন্তব্য করুন