
গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুত এলাকায় ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা ছুটির পাওনা টাকার দাবিতে রাস্তা অবরোধ করে এ বিক্ষোভে অংশ নেন।
শ্রমিকরা জানান, গত এক বছর আগের ছুটির টাকা চলতি বছরের প্রথমে দেওয়ার কথা থাকলেও এখনো কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। এ নিয়ে একাধিকবার শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তবে কর্তৃপক্ষ অন্যান্য টাকা পরিশোধ করলেও ছুটির টাকা পরিশোধ করেনি। এ ঘটনায় শ্রমিকরা রোববার সন্ধায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে, শ্রমিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কারখানা সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা মালিকপক্ষের কাছে বাৎসরিক ছুটির টাকা দাবি করে আসছে। কর্তৃপক্ষ শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা অর্ধেক দিতে রাজি হয়। কিন্তু শ্রমিকরা পুরো টাকা দাবি করে, এতে কর্তৃপক্ষ সেটি মানে না।
পরে রবিবার বিকেলে কারখানার ভেতর কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।
এসময় মালিক পক্ষের লোকজন আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা করে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়। পরে কারখানা ছুটির পর সন্ধ্যায় কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়।
এতে চরম দুর্ভোগে পড়ে সড়কে চলাচলরত যাত্রীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পরিস্থিতি শান্ত করতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা সড়কের পাশে অবস্থান নিয়ে পুনরায় সড়ক অবরোধের চেষ্টা করছে।
কারখানার শ্রমিকদের দাবি, মালিক পক্ষের কাছে বাৎসরিক ছুটির টাকা দাবি করলে তারা অর্ধেক টাকা দিতে রাজি হয়।
পরে রবিবার বিকেলে আমরা বাৎসরিক ছুটির টাকা জন্য কারখানার ভেতর কাজ বন্ধ করে অবস্থান নিলে মালিক পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়। পরে কারখানা ছুটির পর তারা সড়কে অবস্থান নিলে তাদের ওপর টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল নিটেক্স কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। মালিক পক্ষের সাথে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।
মন্তব্য করুন