রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এসময় ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।
গতকাল রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও নজরুলের শ্যালক ওবায়দুল রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা এ মামলায় গাজী নজরুল, মাকসুদা বেগম ও ওবায়দুল রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যা সাতটার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের দোতলার ২০৩ নম্বর ফ্ল্যাট একটি ঝুলন্ত মরদেহের খবর পাওয়া যায়। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, কক্ষটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের।
মোহাম্মদ ইবনে মিজান বলেন, সিআইডি ঘটনাস্থলে ক্রাইম সিনের কাজ করেছে। থানা-পুলিশ মরদেহের সুরতহাল করেছে। পরে পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, ওই নারী সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী।