নির্বাচনকে ঘিরে আলামত ভালো নয়; জামায়াত আমির

নির্বাচনকে ঘিরে আলামত ভালো নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা-বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করা হচ্ছে।’
উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা অর্জনের কাজ করতে হবে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি শফিকুর রহমান আহ্বান জানান। সেটি না পারলে ব্যর্থতার দায়ভার নিতে হবে বলেন তিনি।
প্রতিপক্ষের উদ্দেশে জামায়াত আমির বলেন, তারা যেন অন্যকে সম্মান করে। গাল ভরে যে গণতন্ত্রের কথা বলে, সেই গণতন্ত্রের পথে যেন হাঁটে।
আজ রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান
শফিকুর রহমান বলেন, জামায়াতসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় যেতে পারলে নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পাল্টে যাবে। ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি ১০ ভাগকে প্রথমে চাঁদাবাজি না করার আহ্বান জানানো হবে। এরপরও না বুঝতে চাইলে যা করা দরকার, তা-ই করা হবে। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, সেটি দেখা হবে না। এ ক্ষেত্রে নির্দয়, নিষ্ঠুর, কঠোর আচরণ করা হবে।

জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

নিজস্ব প্রতিবেদক


