মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের

বর্তমানে ইরানে অবস্থানরত আমেরিকানদের অনতিবিলম্বে দেশটি ত্যাগের আহ্বান জানানো হয়েছে। ইরানে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস। একই সঙ্গে কোনো কারণেই ইরান ভ্রমণ না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়।
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা সংকটে ইরানে যাতায়াতের ওপর নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের ‘কোনো কারণেই’ ইরান ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানে অবস্থিত মার্কিন দূতাবাস ভার্চুয়াল এক সতর্কবার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হওয়া, ফ্লাইট বাতিল এবং সীমান্ত সংক্রান্ত নিয়ম দ্রুত পরিবর্তন হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত তীব্রতর হওয়ায় ওয়াশিংটন যেমন তেহরানের ওপর সামরিক ও সামুদ্রিক চাপ বাড়াচ্ছে, তেমনি ইরানি কর্মকর্তারাও মার্কিন স্বার্থে আঘাত হানার হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এমন সতর্কবার্তা এসেছে। এর আগে ইরানকে ‘পুরোপুরি উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি।
এছাড়া, গত শনিবার নির্ধারিত সময়ের আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউজে ফিরে আসেন ট্রাম্প। পরে, তিনি বলেন, ইরান নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন। এসময় সামনে ‘খুব বড় কিছু’ ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেই সম্ভাব্য মার্কিন বিমান হামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড বলেছে, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে তারা গোয়েন্দা তথ্য পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক


