
গত প্রায় ৪ বছরের যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর ১৮ লক্ষাধিক সেনা নিহত-আহত এবং নিখোঁজ হয়েছেন। যদি এ যুদ্ধ চলতে থাকে তাহলে ২০২৬ সালের বসন্তকাল পর্যন্ত এই সংখ্যা পৌঁছাবে প্রায় ২০ লাখে, বলা হয়েছে সিএসআইসের প্রতিবেদনে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গত প্রায় চার বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন দুই দেশের ১৮ লাখের বেশি সেনা। গত চার বছরের যুদ্ধে ইউক্রেনের ৬ লাখেরও বেশি সেনা হতাহত এবং নিখোঁজ হয়েছেন। মার্কিন থিঙ্কট্যাংক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) বুধবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ তথ্য। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার জোরদার হামলা অব্যাহত রয়েছে। এরমধ্যেই রাশিয়া চলতি মাসে ইউক্রেনের আরও ৫০০ বর্গকিলোমিটার ভূমি দখল করেছে বলে জানিয়েছেন রুশ সশস্ত্র বাহিনীর প্রধান। কিয়েভে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে দনবাস থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীকে পুরোপুরিভাবে সরে আসার শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। খবর আরটির।
সিএসআইসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনবাহিনীর তুলনায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। যে ১৮ লক্ষাধিক সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ১২ লাখই রুশ বাহিনীর। এই ১২ লাখ রুশ সেনার মধ্যে নিহত হয়েছেন ৩ লাখ ২৫ হাজারের কিছু বেশি। বাকিদের বেশিরভাগই আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ আছেন বেশ কয়েক হাজার সেনা। রুশ বাহিনীর এই ক্ষয়ক্ষতি সম্পর্কে সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের কোথাও কোনো যুদ্ধে এত বেশি হতাহত এবং ক্ষয়ক্ষতির শিকার হয়নি। ক্ষয়ক্ষতি অবশ্য ইউক্রেনেরও কম হয়নি।
মন্তব্য করুন