বগুড়া সিটি করপোরেশনের প্রথম রাজনৈতিক প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন

দেশের ১৩তম এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম রাজনৈতিক প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি।
সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
১৯ মে মঙ্গলবার নবনিযুক্ত সিটি প্রশাসকের হাতে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্র তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিয়োগপত্র হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
সোমবার (১৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী নিম্নবর্ণিত ব্যক্তিকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত সিটি করপোরেশেনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন।

নিজস্ব প্রতিবেদক


