
কে কী বলল যায় আসে না, বিএনপি ছাড়া আর কোনো দল পরিকল্পনা দেয়নি বললেন তারেক রহমান। রবিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন,আমরা নাকি দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা ধোঁকা দিতে যাব কেন? এই মানুষদের কাছে আমাদের আবারও আসতে হবে না? আমরা সরকারে ছিলাম। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, বিএনপি জানে।
তারেক রহমান আরো বলেন, অনেকেই কয়েকদিন ধরে প্রচারণা চালাচ্ছেন, আমরা সরকারে গেলে একসঙ্গে ফ্যামিলি কার্ড দিব। আমরা কিন্তু একবারও বলিনি এ কথা। আমরা আমাদের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করব।
তিনি বলেন, যারা সমালোচনা করছে, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। আমরা ভাষা শেখানোর মাধ্যমে কর্মসংস্থান করব। মা-বোনেরা বিভিন্ন রকমের কাজ করেন। তাদের জন্য ছোট ছোট লোনের ব্যবস্থা করব। কম্পিউটার শিখিয়ে এক্সট্রা ইনকামের ব্যবস্থা করব। ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করব। যারা সমালোচনা করছে, তারা দেশের মানুষকে কোনো পরিকল্পনা দেয়নি, আমরাই প্রথম সরকারে গেলে কী কী পরিকল্পনা গ্রহণ করব, সে বিষয়ে বলছি। কে, কী বলল, তাতে কিছু যায় আসে না। আমরা ১, ২, ৩ করে পরিকল্পনা বাস্তবায়ন করব। ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা নিয়ে কাজ করব।
তারেক রহমান বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বের হবেন। এরপর জামাতে ফজরের সালাত আদায় করে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন। ভোট শুরু হলে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে করে কেউ ভোট ডাকাতি না করতে পারে। বিজয়ী হলে আমি আবারও চৌদ্দগ্রাম এসে খাল খনন করব।
তিনি বলেন, প্রতিপক্ষের সমালোচনা করতে পারতাম কিন্তু তা করিনি। আমরা সরকার গঠন করলে কী করব মানুষ তা জানাতে চায়, সমালোচনা না। অন্যের গিবত, সমালোচনা করলে মানুষের পেট ভরবে না।
বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির নামে শুধু বদনামই করে যাচ্ছে অন্যরা। যে যাই বলুক কিছু যায় আসে না। মানুষের জন্য কাজ করে যেতে চাই
মন্তব্য করুন