দেশের যেসব এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে

দেশজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জানুয়ারিজুড়ে দেশে একাধিক দফায় তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।
জানুয়ারি ২০২৬-এর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের রাজশাহী, রংপুর, ও খুলনা বিভাগের কিছু জেলায় শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে, বিশেষ করে তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪°C পর্যন্ত কমতে পারে, যা কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে ২০২৬ সালের জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।
বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকার এলাকাগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে লিখেছেন, বুধবার (৭ জানুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বাড়ার শঙ্কা রয়েছে। বুধবার সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। কুয়াশার তথ্য জানিয়ে পলাশ লিখেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের ৬১টি জেলার ওপরে (ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া) কুয়াশার উপস্থিতি রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য ৬টি বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকতে পারে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সংস্থাটি জানায়, দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, চলতি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

নিজস্ব প্রতিবেদক


