বগুড়া সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের ১৩তম এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর ইসলাম স্বাধীনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
সোমবার (১৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী নিম্নবর্ণিত ব্যক্তিকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত সিটি করপোরেশেনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন।
বর্তমান পৌরসভা ও আশপাশের সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৪ মে) রাতে জারি করে স্থানীয় সরকার বিভাগ। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর প্রথম তফসিল সংশোধন করে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়।
গেজেট অনুযায়ী, আইনের ধারা ৩-এর উপধারা (৩) অনুসারে বগুড়া পৌরসভা এবং আশপাশের কয়েকটি সম্প্রসারিত এলাকা নিয়ে নতুন এ সিটি করপোরেশন গঠন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাসও নির্ধারণ করা হয়।
নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়। এর আওতায় বর্তমান পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজাও যুক্ত হয়। অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে উত্তরে ৩নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫নম্বর রাজাপুর ইউনিয়ন (অংশ) (বগুড়া সদর) ও ৬নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর), দক্ষিণে ১নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর), পূর্বে ২নম্বর সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫নম্বর রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর), পশ্চিমে ১নম্বর ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪নম্বর এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর) এলাকা নিয়ে নতুন এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক


