পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (১ জুন) দুপুরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
পদত্যাগপত্রে মন্ত্রী উল্লেখ করেছেন, মন্ত্রিসভায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমান শারীরিক অবস্থায় মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রম ও দায়িত্ব সঠিকভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান দীর্ঘ সময় আইন পেশায় নিয়োজিত থাকার পর রাজনীতিতে সক্রিয় হন।
৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হন দীপেন দেওয়ান। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে দীপেন দেওয়ান বিএনপিতে যোগ দেন। ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করেন।
গত ১৭ই ফেব্রুয়ারি মন্ত্রিসভার অন্য সদস্যদের সাথে দীপেন দেওয়ানও মন্ত্রী হিসেবে শপথ নেন।

নিজস্ব প্রতিবেদক


