২৪ বছর বিরতির পর আবার পড়াশোনা, ৫১ বছর বয়সে এমবিবিএস (MBBS) পাস

২৪ বছর দীর্ঘ বিরতির পর পড়াশোনায় ফিরে ৫১ বছর বয়সে এমবিবিএস (MBBS) পাস করে এক অনন্য নজির গড়েছেন বাংলাদেশের মোহাম্মদ হাবিবুল্লাহ।
মোহাম্মদ হাবিবুল্লাহ একসময় ধরে নিয়েছিলেন যে তার আর চিকিৎসাবিদ্যা পড়া হবে না। কিন্তু পরবর্তীতে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দীর্ঘ ২৪ বছরের বিরতি থাকা সত্ত্বেও জরিমানা দিয়ে পুনরায় শিক্ষাজীবনে ফিরে আসেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রাতিষ্ঠানিক বৈষম্য ও প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি হাল ছাড়েননি। অবশেষে ৫১ বছর বয়সে (পরবর্তীতে ইন্টার্নশিপ ও চূড়ান্ত প্রক্রিয়ায় ৫২ বছর) তিনি সফলভাবে তার এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।
ঢাকার এই শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক জটিলতা, ব্যক্তিগত ট্র্যাজেডি এবং নানা সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে তার এই দীর্ঘ সংগ্রামের সফল সমাপ্তি টানেন।
হাবিবুল্লাহ জানালেন, তিনি ঢাকা মেডিকেল কলেজের ‘কে-৫৩’ ব্যাচের (সেশন ১৯৯৫-১৯৯৬) শিক্ষার্থী ছিলেন। আর এখন ‘কে-৭৮’ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে এমবিবিএস পাস করলেন। ২০০২ সালে তাঁর এমবিবিএস পাস করার কথা ছিল। কিন্তু পাস করলেন ২০২৬ সালে। এর মধ্যে কেটে গেছে ২৪টি বছর।
দীর্ঘ বিরতির পর ঢাকা মেডিকেল কলেজের বন্ধু, শিক্ষকসহ সবার সহযোগিতায় আবার ঘুরে দাঁড়িয়ে এমবিবিএস শেষ করতে পেরেছেন বলে জানালেন হাবিবুল্লাহ। এ জন্য তিনি বিশেষ করে বন্ধু ও শিক্ষকদের নাম ধরে ধরে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানালেন।
অতি সম্প্রতি ভারতের তামিলনাড়ুর ৫১ বছর বয়সী এ. সুরেশ কুমার নামের ২ খানা পিএইচডি ও এমবিএ ডিগ্রিধারী আরেকজন ব্যক্তিও দীর্ঘ ৩৪ বছর পর নিট (NEET-UG) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এমবিবিএস পড়ার সুযোগ পেয়ে বিশ্বজুড়ে অনুরূপ আলোচনার জন্ম দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক


