
মাত্র চার মাসের পরিচয়ের পরই গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তবে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের দাম্পত্য জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ব্যক্তিজীবন নিয়ে চলমান নানা গুঞ্জনের অবসান ঘটালেন তাহসান নিজেই।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার সম্পর্কে দূরত্ব তৈরি হয়। গত বছরের জুলাই মাস থেকেই তারা আর একসঙ্গে বসবাস করছেন না। ধীরে ধীরে এই সম্পর্ক চূড়ান্ত বিচ্ছেদের দিকেই এগোচ্ছে বলে জানা যাচ্ছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেশ কয়েক মাস ধরে আমরা আলাদা থাকছি। এই মুহূর্তে এর বেশি কিছু বলার সময় উপযুক্ত নয়। তবে যেসব কথা ছড়িয়েছে, তার মধ্যে সত্যতা রয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, জুলাইয়ের শেষ দিক থেকেই তারা আলাদা রয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন না। কিন্তু সম্প্রতি বিবাহবার্ষিকী ঘিরে কিছু বিভ্রান্তিকর ও ভুয়া খবর প্রকাশ পাওয়ায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়ে। সে কারণেই তিনি জানিয়েছেন যে বর্তমানে তারা একসঙ্গে নেই।
একনজরে দেখে নেওয়া যাক বিয়ে থেকে বিচ্ছেদের খবর পর্যন্ত তাহসান ও রোজার যত ঘটনা।

বিয়ের পরপরই তাঁরা হানিমুনে উড়াল দেন মালদ্বীপে। হানিমুন থেকে ‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত’, এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছিলেন রোজা আহমেদ।

গত মে মাসে যুক্তরাষ্ট্রে দুজনের একসঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোজা আহমেদ। সেখানে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হাঁটছেন তাঁরা। এক ভিডিওতে তাহসান রোজার কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছেন, আরেকটিতে রোজার হাত ধরে এগিয়ে যাচ্ছেন দুজন। নাটকের মতো রোমান্টিক সেই দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে বাজছে গান।
সেই সময় তাহসানের মুখে গুনগুন করে গান গাওয়ার দৃশ্যটিও নজর কাড়ে ভক্তদের।
এরপর একসঙ্গে তাঁদের সুইমিংপুলে দেখা যায়। যে স্থিরচিত্রগুলো ভক্তদের নজর কাড়ে। 
এমন দাম্পত্য সম্পর্কের মাঝে গতকাল শনিবার হঠাৎ করেই জানা যায় তাঁদের বিচ্ছেদের খবর।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাদের একমাত্র কন্যা আইরা তাহরিম খান রয়েছে।
মিথিলার সঙ্গে বিচ্ছেদের প্রায় সাত বছর পর গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
মন্তব্য করুন