তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে তিনি মনোনয়ন ফিরে পেলেন।
তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন। এরপর সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।
শনিবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিনেই তিনি মনোনয়ন ফিরে পেয়েছেন।
প্রার্থিতা বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে, ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।’
উল্লেখ্য যে, শুক্রবার পর্যন্ত ৭২৩ জন প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। তবে, পরবর্তীতে ৭৮ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। অবশেষে, চূড়ান্ত হয় ৬৪৫ জনের আপিল। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আবেদনগুলো নিষ্পত্তির ব্যাপারে চলবে শুনানি। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর, প্রতীক চূড়ান্তের পর শুরু হবে নির্বাচনি প্রচারণা।

নিজস্ব প্রতিবেদক


