বগুড়াকে নিজেদের আদি দুর্গ দাবি জামায়াতের; ব্যালটে জবাব দিতে চায় বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও দেশের বিভিন্ন এলাকায় ভোটের আমেজ লক্ষ্য করা গেছে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত উত্তরের জেলা বগুড়ায় অনেকটা স্বস্তিতে আছে বিএনপি। তবে, জেলার সাতটি আসনের মধ্যে দুই থেকে তিনটি আসনে বিএনপির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে জামায়াতে ইসলামী।
জেলার সাতটি আসনের মধ্যে বগুড়ার সদর আসন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন। ওই আসনসহ সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী।
বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়াও এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ মোট ৯টি রাজনৈতিক দলের প্রার্থী।
তবে ভোটাররা বলছেন, জেলার অন্তত তিনটি আসনে বিএনপির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের।
স্বাধীনতা পূর্ববর্তী নির্বাচনসহ অতীতের কয়েকটি নির্বাচনের ফলাফল তুলে ধরে জামায়াতের বগুড়া সদরের আমীর আবিদুর রহমান বিবিসি বাংলার কাছে দাবি করেন, বগুড়া ছিল মূলত জামায়াতের আদি দুর্গ। এবারের নির্বাচনে তারা সেই দুর্গ ফেরত আনতে চায়।
এর জবাবে বিএনপির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা বলছিলেন, এটি শুধু দুর্গ নয়, বিএনপি রাজনীতির তীর্থস্থান। এর প্রমাণ মিলবে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের ব্যালটে।
নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার বাইরেও এই এলাকার ভোটাররা তাদের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলছিলেন, এবার নির্বাচনটি যেন অন্তত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হোক।
নির্বাচন নিয়ে পথে ঘাটে চায়ের আড্ডায় নানা আলোচনা হলেও, নির্বাচন কমিশনের আইনি বাধ্যবাধকতায় ভোটের প্রচার প্রচারণায় দেখা যায়নি।



