রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩ আহত ১৩

আজ (১৬ জানুয়ারি) সকালে ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
নিহত তিনজনের জনের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ। আহত ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। সংবাদ পাওয়ার সাথে সাথেই সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং মাত্র ৪ মিনিটের মধ্যে (৭:৫৮ মিনিটে) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা অত্যন্ত সাহসিকতার সাথে ভবনের ভেতরে আটকে পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। আহত ও উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ভাগ্যবশত ভবনের ভেতরে আটকা পড়ে শ্বাসরোধে বা দগ্ধ হয়ে দুইজন নারী ও একজন পুরুষসহ মোট ৩ জন প্রাণ হারান।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

নিজস্ব প্রতিবেদক


