পাবনায় নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিখোঁজের পাঁচদিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গ্রামসংলগ্ন একটি বিল থেকে স্কুলছাত্রী সুরাইয়া খাতুনের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকালে পাবনার ফরিদপুর উপজেলায় জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুরাইয়া খাতুন ফরিদপুর উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে । তার বয়স (১৩) বছর সে কালিয়াকোড় পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রবিবার সকালে স্থানীয় কৃষকরা বিলের জমিতে কাজ করতে গিয়ে পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় হাত-পা ও মুখ বাঁধা লাশ দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেয়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরাইয়ার বলে শনাক্ত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক


